টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে একটি ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান।
নিহতরা হলেন—শেরপুরের শ্রীবরদীর ট্রাকচালক সোহেল এবং টাঙ্গাইলের বাসাইল উপজেলার আমিনুর।
এসআই কামরুল হাসান জানান, জামালপুর থেকে ঢাকার উদ্দেশে যাওয়া মালবাহী ট্রাকটি (যাতে চাল, মুরগি ও হাঁস ছিল) সামনে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ দুইজন মারা যান। সংঘর্ষের তীব্রতায় ট্রাকের সামনের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার কারণে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয় বলে জানিয়েছে পুলিশ।