রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে মধ্যরাতে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ওভারটেকিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি প্রাইভেটকার ডিমবাহী একটি পিকআপকে ধাক্কা দিলে পিকআপটি সড়ক বিভাজকের পাশে উল্টে যায়। এতে রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে কয়েক হাজার ভাঙা ডিম।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গাজীপুর থেকে ঢাকায় আসছিল ডিমবাহী পিকআপটি। একই দিক থেকে আসা একটি প্রাইভেটকার ওভারটেকের চেষ্টা করলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের পেছনে জোরে আঘাত হানে। ধাক্কা লাগতে না লাগতেই পিকআপটি উল্টে যায় এবং গাড়িতে থাকা সব ডিম রাস্তায় ছড়িয়ে পড়ে যায়।
এ সময় প্রাইভেটকারটিও সড়ক বিভাজকের ওপর উঠে যায় এবং গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।