ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, নির্বাচন ঘিরে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং নির্বাচন কমিশন এখন “নির্বাচনের ট্রেনে উঠে গেছে”।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ তথ্য জানান। প্রধান বিচারপতির খাসকামরায় প্রায় এক ঘণ্টার বৈঠকের পর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। আদালতে পৌঁছালে রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী তাঁকে স্বাগত জানান।
সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে সিইসি বলেন, প্রধান বিচারপতির সঙ্গে তাঁর বিদায়ী সাক্ষাৎ হয়েছে কারণ বিচারপতি রেফাত আহমেদ চলতি মাসেই অবসর নেবেন। তিনি আরও জানান, নির্বাচনি মামলা বা বিচারসংক্রান্ত কোনো আলোচনায় তাঁরা যাননি।
ইসির অন্য এক প্রস্তুতির কথা তুলে ধরে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে চিঠি পাঠানো হয়েছে এবং ১০ ডিসেম্বর রেকর্ডিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে।
ইসি–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিইসির ভাষণ আগামীকাল বুধবার বিকেল ৪টার দিকে রেকর্ড করা হবে। এর আগে দুপুর সাড়ে ১২টায় সিইসি ও অন্যান্য কমিশনার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করবেন।
সূত্র আরও জানায়, বুধবার অথবা বৃহস্পতিবার জাতির উদ্দেশে সিইসির রেকর্ড করা ভাষণ প্রচারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হতে পারে। অতীতের মতো ভাষণ রেকর্ডের দিনই তফসিল প্রকাশ হওয়ার সম্ভাবনাই বেশি।
গত ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল ১৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। এর ধারাবাহিকতায় কমিশনের সাম্প্রতিক প্রস্তুতি নির্বাচনি পরিবেশকে আরও ত্বরান্বিত করেছে।