অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ১০০ বছর পার হলেও আমরা আরেকজন বেগম রোকেয়া সৃষ্টি করতে পারিনি। তিনি বলেন, “এটা আমাদের জন্য সত্যিই বড় দুর্ভাগ্য। বেগম রোকেয়া যে স্বপ্ন দেখিয়েছেন এবং যে দিকনির্দেশনা দিয়েছেন, আমরা তা পূরণ করতে পারিনি। আমরা কথা বলেছি, কিন্তু কার্যক্রমে অগ্রগতি করতে পারিনি।”
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “বেগম রোকেয়ার জন্মদিনের এই আয়োজন কেবল তাকে স্মরণ করার জন্য নয়, আমাদের ব্যর্থতা বিশ্লেষণ করারও সুযোগ। কেন আমরা ১০০ বছরের ব্যবধানে নতুন বেগম রোকেয়া তৈরি করতে পারিনি, সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করাই আজকের দিনের মূল উদ্দেশ্য।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, “১৯৭৪ সালের বড় দুর্ভিক্ষে লাখো মানুষ মারা গেল। আমরা শুধু তাকিয়ে দেখলাম, তাতে কোনো উদ্যোগ নেয়া হয়নি। সেই সময়ও অনেক নারী ও বৃদ্ধের মৃত্যু ঘটেছে। আমরা সেই ইতিহাস থেকে শিখতে পারিনি।”
এ বছর বেগম রোকেয়া পদকপ্রাপ্ত চারজনকে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। পদকপ্রাপ্তরা হলেন—নারী শিক্ষা (গবেষণা) বিভাগে রুবানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার) বিভাগে কল্পনা আক্তার, মানবাধিকার বিভাগে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ (ক্রীড়া) বিভাগে ঋতুপর্ণা চাকমা।