আসন্ন জাতীয় নির্বাচনে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, “ভোটাররাই যদি দুর্নীতিবাজদের বাদ দেন, তাহলে দেশের দুর্নীতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।”
মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেন, “সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে যে, একে পুরোপুরি নির্মূল করা কঠিন। তাই তরুণদের এগিয়ে এসে দুর্নীতির বিরুদ্ধে নেতৃত্ব দিতে হবে।” তিনি আরও বলেন, “দুর্নীতিবাজদের যেন প্রতিদিনই উৎসব। কিন্তু দুর্নীতিবিরোধী কার্যক্রম থাকে বছরে মাত্র একটি দিন। এ অবস্থায় সবার সম্মিলিত উদ্যোগই দুর্নীতির লাগাম টানতে পারে।”
২০১৭ সাল থেকে সরকারিভাবে পালন করা আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস জাতিসংঘ ২০০৩ সালে ঘোষণা করে। বাংলাদেশসহ ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশন (আনকাক) স্বাক্ষর করা বিশ্বের ১৯১টি দেশ দিবসটি পালন করে।
এবারের দিবসের প্রতিপাদ্য— ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা’। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগ, ৬৪ জেলা ও ৪৯৫টি উপজেলায় বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি সিটি কর্পোরেশন, পৌরসভা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলোও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করেছে।
দুদকের পাশাপাশি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।