চট্টগ্রামের সাতকানিয়ায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এনি আক্তার নামের এক গৃহবধূ। দীর্ঘ দশ বছরের নিঃসন্তান জীবনের পর সোমবার (৮ ডিসেম্বর) রাতে নগরীর পিপলস হাসপাতালে জন্ম নেয় এই পাঁচ নবজাতক—যাদের মধ্যে তিনজন কন্যা এবং দুইজন পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, বহু বছর চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন (IUI) পদ্ধতি গ্রহণ করেন দম্পতি। নানা বাধা ও ব্যর্থতার পর এই সাফল্য তাদের জীবনে বিরল আনন্দের মুহূর্ত এনে দিয়েছে।
জন্মের পর নবজাতকদের উন্নত চিকিৎসার জন্য নগরীর পার্ক ভিউ হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা জানান, তিন শিশুর ওজন ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম এবং ১ কেজি ৪০০ গ্রাম। বাকি দুই কন্যাশিশুর ওজন ১ কেজি হওয়ায় তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। কমপক্ষে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ও রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ফরিদা ইয়াসমিন সুমি বলেন, “এনি আক্তার বহু বছর নিঃসন্তান থাকার কষ্ট সহ্য করেছেন। আর্থিক অসচ্ছলতা থাকা সত্ত্বেও চিকিৎসার চেষ্টা চালিয়ে গেছেন। পাঁচ সন্তানের একযোগে জন্ম সত্যিই ব্যতিক্রমী ঘটনা।”
এদিকে মা এনি আক্তার সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ছোট ব্যবসার সঙ্গে যুক্ত তার স্বামী চিকিৎসা ব্যয় নিয়ে চিন্তিত হলেও, পরিবারের সদস্যরা একসঙ্গে পাঁচ সন্তানের আগমনে আনন্দে উচ্ছ্বসিত।