সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ তাদের আগে পাওয়া স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন জানিয়েছে। স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পাঠানো ওই আবেদন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। ফলে নির্ধারিত দিনে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে না এবং খালেদা জিয়ার বিদেশ যাত্রাও স্থগিত থাকছে।
এর আগে কাতার সরকারের ব্যবস্থাপনায় এফএআই এভিয়েশন গ্রুপের পরিচালিত একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ এবং রাত ৯টায় উড্ডয়নের অনুমতি পেয়েছিল। তবে নতুন করে স্লট বাতিলের আবেদন আসায় সেই অনুমোদন কার্যকর থাকছে না বলে সিভিল এভিয়েশনের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
বিমানবন্দর সূত্র জানায়, খালেদা জিয়ার চিকিৎসা পরিবহনের জন্য নেয়া এয়ার অ্যাম্বুলেন্সটি ছিল বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি আধুনিক জেট, যা দূরপাল্লার চিকিৎসা তল্লাটে ব্যবহারের জন্য সুপরিচিত। দীর্ঘ ট্রান্সকন্টিনেন্টাল ফ্লাইটের সক্ষমতা থাকায় ঢাকা থেকে লন্ডন পর্যন্ত চিকিৎসা ট্রান্সফারের জন্য বিমানটি বিশেষভাবে উপযোগী।