রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় এক নারী ও তাঁর কিশোরী মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার সকালে শাহজাহান রোডের একটি বহুতল ভবনের সপ্তম তলায় এই দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন লায়লা আফরোজ (৪৮) এবং তাঁর মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)।
মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্তে গৃহকর্মীর প্রতি সন্দেহ দেখা দিয়েছে। তিনি বলেন, “ঘটনার পর গৃহকর্মীকে ফ্ল্যাটে পাওয়া যায়নি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”
নাফিসার চাচাতো বোন নূরেম মাহপরা জানান, চার দিন আগে ওই গৃহকর্মী বাসাটিতে কাজ শুরু করেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যাকাণ্ডের পর নাফিসার স্কুল ইউনিফর্ম পরে তিনি বাসা থেকে বের হয়ে যান। তবে হত্যার উদ্দেশ্য সম্পর্কে পরিবার নিশ্চিত নয়।
নিহতদের একজন আত্মীয় জানান, সকালে ফ্ল্যাটে গিয়ে তারা দুইজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ বলছে, এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।