নরসিংদীর রায়পুরায় র্যাব–১১-এর অভিযানে কভার্ড ভ্যানভর্তি ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে র্যাব–১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন—যশোরের কোতোয়ালি থানার ইছালী ইউনিয়নের জগমোহনপুর গ্রামের সাজেদুর রহমান ওরফে জনি (৪৫) এবং নীলফামারীর ডোমার উপজেলার তিলাই গ্রামের তরিকুল ইসলাম ওরফে রাজন (৩০)।
র্যাব জানায়, সকালে সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা উপজেলার মরজাল বাজার এলাকার ঢাকা–সিলেট মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। সেখানে হলুদ রঙের একটি কভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করলে ভ্যানের ভেতরে লুকিয়ে রাখা চারটি বড় প্লাস্টিকের বস্তায় পাওয়া যায় মোট ১০০ কেজি গাঁজা।
এ সময় মাদকবাহী ভ্যানের চালকসহ দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে নগদ ৯ হাজার ৭০০ টাকা এবং তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র্যাব–১১ কমান্ডার জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় থাকবে। এ ঘটনায় রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।