মাগুরায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বেগম খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার। জনগণের লিডার। তিনি এখন নির্দিষ্ট কোনো পার্টির লিডার নন। মাইনাস ফোর একটি দুষ্টচক্রের ফালতু কথা মাত্র। অনেকে যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসরের মতোই। এখানে কোনো মাইনাস ফোর-এর মতো কিছু নেই। আমরা কাউকে মাইনাস করিনি। যারা মাইনাস হয়েছে তারা হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছে। তাঁর ভাষায়, যাঁরা এই ধারণা ছড়াচ্ছেন তারা স্বৈরশাসনের সহযোগীর মতো আচরণ করছেন।
শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর তিনি এ কথা জানান।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলগুলো ছাড়া বাকি সব দলই ভোটে অংশ নিতে পারবে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়নি—তারা অংশ নেবে কি না, সেটি তাদের সিদ্ধান্ত। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, অতীতে তাদের ভূমিকা স্বৈরাচারকে শক্তিশালী করেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যাবাসন ও রায় কার্যকরের বিষয়ে শফিকুল আলম বলেন, যাঁরা হত্যাযজ্ঞে জড়িত, তাদের বিচারের ব্যাপারে সরকার দৃঢ় অবস্থানে আছে। দুটি মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে—একজন শেখ হাসিনা, অন্যজন আসাদুজ্জামান খান কামাল। আইনি প্রক্রিয়া মেনে এসব রায় কার্যকর হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, যাদের বিরুদ্ধে রক্তপাতের অভিযোগ রয়েছে, তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলবে। এটি শহীদদের প্রতি দায়িত্ব ও শপথ বলে তিনি উল্লেখ করেন। সামনে নির্বাচনের আগে প্রায় ৭০ দিন সময় রয়েছে—এই সময়ে যতটা সম্ভব অগ্রগতি ঘটানোর চেষ্টা হবে, আর অসম্পূর্ণ কাজ ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে নেবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির ও পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন।