দুই দিনের সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রানওয়েতে করমর্দনের পর মোদীর আলিঙ্গনে ধরা পড়ে দিল্লি-মস্কো সম্পর্কের ঘনিষ্ঠতার বার্তা। পরে একই গাড়িতে করে তারা শহরের উদ্দেশে রওনা দেন।
সাধারণ প্রটোকল অনুযায়ী বিদেশি রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানানোর দায়িত্ব থাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তবে এর আগেও ব্যতিক্রম করেছেন মোদী—২০১৭ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং ২০১৮ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে স্বাগত জানাতে সরাসরি বিমানবন্দরে গিয়েছিলেন তিনি।
পুতিনের এ সফরে তিনি অংশ নেবেন ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে। শুক্রবার হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি বিভিন্ন সহযোগিতামূলক চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাশিয়া থেকে অতিরিক্ত এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন জানান, মহাকাশ গবেষণা, পরমাণু প্রযুক্তি, জাহাজ ও বিমান নির্মাণসহ বহু খাতে ভারত–রাশিয়া ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও গবেষণায়ও দুই দেশ আলোচনায় বসবে বলে উল্লেখ করেন তিনি।