পাকিস্তানের রাজনীতিতে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। ইমরান খানের মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও সরকার তা সঙ্গে সঙ্গে মিথ্যা দাবি করে। পরে তাঁর বোনেরা কারাগারে গিয়ে সাক্ষাৎ করার সুযোগ পাওয়ায় গুজবটি সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়।
এদিকে বেসামরিক প্রশাসন ও সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে দাবি উঠেছে—দুই পক্ষের মধ্যে মতবিরোধ বেড়েছে। তবে সরকার এসবকেও গুজব বলে উড়িয়ে দিয়েছে।
জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নাগরিক নেতৃত্ব ও সামরিক কর্তৃপক্ষের মধ্যে কোনো ধরনের টানাপোড়েন নেই। সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি এবং সাবেক প্রধান সচিব ড. তৌকির শাহ বলেছেন, সামাজিক মাধ্যমে ছড়ানো সব কথাই কল্পনাপ্রসূত।
তিনি জানান, সেনা প্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরকে নিয়ে যেসব গল্প প্রচার হচ্ছে, তার কোনো সত্যতা নেই। নোটিফিকেশন সংক্রান্ত ‘বিলম্ব’ নিয়েও কোনো সমস্যা নেই। ড. শাহ আরও বলেন, নওয়াজ শরিফ সামরিক নেতৃত্বের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং কাঠামোগত সমর্থন অব্যাহত রেখেছেন।
তিনি দাবি করেন, সরকার ও সেনাবাহিনী একটি সমন্বিত সম্পর্ক বজায় রেখেছে। যেকোনো বিভ্রান্তিকর তথ্য দেশের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর এবং বাস্তবতার সঙ্গে মিল নেই।