সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে অবিলম্বে কাজে যোগ দিয়ে চলমান তৃতীয় প্রান্তিকের পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম নিয়মমাফিক সম্পন্ন করতে হবে। নির্দেশনা অমান্য করলে চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সহকারী শিক্ষকদের চাকরিসংক্রান্ত দাবিগুলো নিষ্পত্তির লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর পর উচ্চতর গ্রেড, এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির বিষয়গুলো অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বেতন কমিশনের সঙ্গে আলোচনায় রয়েছে। গত ৭ আগস্ট এ বিষয়ে জাতীয় বেতন কমিশন–২০২৫ এর কাছে পত্র পাঠানো হয়। অর্থ বিভাগও বেতন কমিশনের প্রতিবেদন পাওয়ার পর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলোচনার পরও কয়েকটি শিক্ষক সংগঠন বার্ষিক পরীক্ষা গ্রহণে বাধা সৃষ্টি করছে এবং কোথাও কোথাও পরীক্ষায় অংশ নিতে চাওয়া শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন করে এমন কর্মসূচি গ্রহণ সরকারি চাকরির নিয়মবিধি ও আইনের পরিপন্থী বলেও মন্তব্য করা হয়।