দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও ঘনিয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এডিসবাহিত এ রোগে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১–এ। একই সময়ে নতুন করে ৪৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে দুজন করে চারজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজনের মৃত্যু রেকর্ড হয়েছে।
নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়—১০৬ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৮৮, ঢাকা দক্ষিণে ৭৭, ঢাকা বিভাগে ৭৪, বরিশালে ৫৮, ময়মনসিংহে ৩৩, খুলনায় ২৮, রাজশাহীতে ১৮, রংপুরে ৫ এবং সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃতদের মধ্যে সর্বোচ্চ ১৭৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৬ জন, বরিশালে ৪৭, চট্টগ্রামে ৩১, ময়মনসিংহে ২৪, রাজশাহীতে ২০, খুলনায় ১৩, ঢাকা বিভাগে ৯ এবং সিলেট বিভাগে ২ জনের মৃত্যু রেকর্ড হয়েছে।
এ বছর মোট শনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৭ জনে। আক্রান্তদের মধ্যে শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ—এখানে শনাক্ত হয়েছে ২০ হাজার ৮১৭ জন। অন্যদিকে সবচেয়ে কম রোগী পাওয়া গেছে সিলেট বিভাগে, মাত্র ৩৮৬ জন।
স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা বলছেন, শীতের শুরুতে ডেঙ্গুর সংক্রমণ কমার কথা থাকলেও বিভিন্ন অঞ্চলে রোগীর সংখ্যা এখনো উল্লেখযোগ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার সহযোগিতা ও মশা নিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।