বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণে সক্ষম আছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসা মূল্যায়নের অংশ হিসেবে আজ মঙ্গলবার যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসছেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানের এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহিদ হোসেন। তিনি বলেন, গত ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা হঠাৎ জটিল হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণে সক্ষম এবং প্রয়োজনীয় থেরাপি ও ব্যবস্থাপনাও তিনি বজায় রাখতে পারছেন। বিদেশে নেওয়ার বিষয়ে দলীয় প্রস্তুতি থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত মেডিকেল বোর্ডই নেবে—তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় রেখে।
আজ যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি মূল্যায়ন করবেন বলে জানান তিনি। বিশেষজ্ঞদের পরামর্শ ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশে নেওয়ার প্রয়োজন হলে তা ব্যবস্থা করা হবে।
এ সময় জাহিদ হোসেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সহানুভূতি জানিয়ে পাশে দাঁড়িয়েছেন।
তিনি জনগণকে গুজবে কান না দিয়ে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং মনে করিয়ে দেন যে বিএনপি নিয়মিতভাবে সঠিক তথ্য গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে আসছে।
এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দলীয় নেতাকর্মী ও জনগণকে পরিস্থিতি শান্তভাবে মোকাবিলা করার অনুরোধ জানিয়েছেন বলে উল্লেখ করেন জাহিদ হোসেন।