বাংলাদেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে—এমনই তথ্য উঠে এসেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাম্প্রতিক এক দেশব্যাপী জরিপে।
আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত জরিপে দেখা যায়, ৬৯ শতাংশ উত্তরদাতা মনে করেন ড. ইউনূস ভালো কাজ করছেন, আর ৭০ শতাংশ জানিয়েছেন যে তারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট।
আইআরআই এশিয়া-প্যাসিফিকের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, জরিপের ফলাফল স্পষ্টভাবে দেখায়—ড. ইউনূসের নেতৃত্বে মানুষ উন্নতির সম্ভাবনা দেখছেন। তার বক্তব্য অনুযায়ী, ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি এ আস্থা জনগণের স্থিতিশীলতা, জবাবদিহিতা এবং সংস্কারের প্রতি বড় আশা-প্রত্যাশা প্রকাশ করে।
জরিপে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহও উল্লেখযোগ্য।
- ৬৬ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা ভোট দিতে “খুবই আগ্রহী।”
- ২৩ শতাংশ বলেছেন, তারা “কিছুটা আগ্রহী।”
- আর ৮০ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
জোহান্না কাও আরও বলেন, বাংলাদেশের জনগণের এই আগ্রহ স্পষ্ট করে যে সংস্কার প্রক্রিয়া ধরে রাখা এবং নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে জনমত জরিপ পরিচালনা করে, যাতে নীতি, রাজনীতি ও শাসনব্যবস্থা সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি জানা যায়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধিতেও কাজ করছে।