কক্সবাজার, পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম মহানগরে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের কম্পন টের পান কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া এলাকার বাসিন্দারা।
স্থানীয়রা জানান, কম্পনের তীব্রতা খুব বেশি ছিল না, তবে হঠাৎ অনুভূত হওয়ায় অনেকেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। রাতের এই ঘটনাকে কেন্দ্র করে কিছুটা আতঙ্ক দেখা দিলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। সংস্থার তথ্য অনুসারে, কম্পনের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং এলাকায়। একই মাত্রা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও।
মিয়ানমার থেকে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে চট্টগ্রামেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
গত ২১ নভেম্বর নরসিংদীতে ৫.২ মাত্রার কম্পনের পর থেকে টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হচ্ছে। সর্বশেষ ঘটনা মিলিয়ে এক সপ্তাহের ব্যবধানে এটি অষ্টমবারের মতো ভূকম্পন অনুভূত হলো।