বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় নতুন কোনো অবনতি হয়নি এবং বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, চিকিৎসকদের কাছ থেকে সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে, তাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। নতুন কোনো জটিলতা দেখা দেয়নি, তবে উল্লেখযোগ্য উন্নতিও হয়নি। বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে প্রস্তুতি থাকলেও মেডিকেল বোর্ড এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। পরিস্থিতি স্থিতিশীল হলে এ বিষয়ে চিন্তা করা হবে।
তিনি দলীয় নেতা–কর্মী ও দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে বিএনপি এ বছর বিজয় দিবস উপলক্ষে ঘোষিত ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করেছে। তবে পূর্বঘোষিত রোডশো কর্মসূচি পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানান রিজভী।
এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসকেরা জানিয়েছেন, দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে তাঁর চিকিৎসা দেওয়া হচ্ছে। যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে চিকিৎসার পরিকল্পনা চলমান। চিকিৎসকেরা হাসপাতালের সামনে অযথা ভিড় না করার অনুরোধ করেন।
দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিসসহ নানা জটিলতায় ভুগছেন ৮০ বছর বয়সী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।