চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে গয়েশপুর এলাকার ৭০ নম্বর পিলারের কাছে ভারতের সীমানার ভেতরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম।
নিহত ব্যক্তির নাম শহীদুল ইসলাম শহীদ (৩৫)। তিনি জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা।
শহীদুলের স্ত্রী নাসরিন আখতার জানান, সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে দুপুর দেড়টার দিকে তিনি বাসায় ফেরেন। পরে বিকেলে তিনি আবার সীমান্তের কাছাকাছি এলাকায় যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নাসরিন বলেন, “মাগরিবের একটু আগে শুনি বিএসএফ আমার স্বামীকে গুলি করে নিয়ে গেছে।”
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, শহীদুল কৃষিজমিতে দিনমজুর হিসেবে কাজ করতেন। গ্রামবাসীদের কাছ থেকে তারা জানতে পারেন, বিকেলের দিকে বিএসএফ গুলি করে তাকে হত্যা করে মরদেহ নিজেদের হেফাজতে নেয়।
বিজিবি কর্মকর্তা লে. কর্নেল রফিকুল আলম বলেন, গুলির ঘটনা জানার পরই তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেন। শুরুতে বিএসএফ জানায়, গুলিবিদ্ধ অবস্থায় শহীদুলকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি নাকি ভারতের সীমানার ভেতরে প্রবেশ করেছিলেন।
পরে রাত ৮টার দিকে বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার বিজিবিকে জানান যে শহীদুল মারা গেছেন। তার মরদেহ স্থানীয় ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে বাংলাদেশে ফেরত দেওয়া হবে বলে জানানো হয়।