মুন্সিগঞ্জের গজারিয়ায় দীর্ঘদিনের এলাকায় আধিপত্য–সংক্রান্ত দ্বন্দ্বের জেরে মো. জহিরুল ইসলাম জয় (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই এই হত্যাকাণ্ড ঘটে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চর চৌদ্দকাউনিয়া গ্রামের জামাল সরকার পরিবার এবং বেকু হাসান গ্রুপের মধ্যে বহুদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধের ধারাবাহিকতাতেই রাতে বেকু হাসান গ্রুপের কয়েকজন—মাসুদ, বাবু, রাফি, নান্নু এবং জসিমসহ আরও কয়েকজন জয়কে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তরা তাকে ঘটনাস্থলেই ফেলে রেখে যায়।
গুরুতর আহত জয়কে স্থানীয়রা উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের মতে, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
পরিবারের অভিযোগ, ঠিক এক বছর আগে একই পক্ষের লোকজন জয়ের বাবা মো. জামাল সরকারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করেছিল। সেই ঘটনারই পরিণতি হিসেবে জয়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি দাবি করেছে।
গজারিয়া থানার ওসি আনোয়ারুল আলম আজাদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, জামাল সরকার ও বেকু হাসান গ্রুপের দ্বন্দ্ব দীর্ঘদিনের বিষয়। এক বছর আগে জয়ের বাবাকে কুপিয়ে আহত করার পর এবার ছেলে জয়কে হত্যার ঘটনা ঘটল, যা অত্যন্ত দুঃখজনক।