মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটনা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে কিছুক্ষণ পরই পৃথিবী ছেড়ে চলে গেলেন মা। রোববার ভোরে পরপর দুটি মৃত্যু গ্রামজুড়ে নেমে এনেছে গভীর শোক।
নিহতরা হলেন—গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী রেহেলা আক্তার (৬৯) এবং তার ছোট ছেলে আব্দুল আওয়াল (৪১)।
পরিবারের সদস্যরা জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কয়েক দিন ধরে চিকিৎসাধীন ছিলেন আওয়াল। অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়।
রোববার ভোরে লাশ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন মা রেহেলা আক্তার। ছেলের নিথর দেহ দেখে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ মা–ছেলের মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীরা শোকে স্তব্ধ। পুরো গ্রামজুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা।
আওয়ালের বড় ভাই, মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান বলেন, “ছোট ভাইয়ের মৃত্যুর পর মায়ের এভাবে চলে যাওয়াটা আমাদের বাকরুদ্ধ করেছে।”
আওয়ালের খালাতো ভাই রাসেল জানান, স্থানীয় বাজারে ওষুধের দোকান ছিল আওয়ালের। এক ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন তিনি। চার ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট হওয়ায় তার মৃত্যু পরিবারে গভীর শোকের ঢেউ তোলে, আর সেই শোকই সহ্য করতে পারেননি মা রেহেলা আক্তার।