গণভোট অধ্যাদেশ–২০২৫-এর খসড়া নীতিমালা অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় খসড়াটি পাস হয়।
সকাল ১১টায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে খসড়ার বিস্তারিত তুলে ধরবেন আইনবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদ গণভোট আইনের খসড়ায় সম্মতি দিয়েছিল। ওইদিন ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, প্রধান উপদেষ্টার ঘোষণার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সে অনুযায়ী আইন প্রণয়নের প্রক্রিয়া এগিয়ে চলছে।