বগুড়ার শাজাহানপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দুই শিশুকে হত্যা করে এক মা নিজেও প্রাণ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খৈলশাকান্দি গ্রামে একই ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত নয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিহতরা হলেন—গ্রামের সেনা সদস্য শাহাদত হোসেন কাজলের স্ত্রী সাদিয়া বেগম (২৫) এবং তার দুই সন্তান সাইফ (৭ মাস) ও সাইফা (৪)। ঘটনার পর শাহাদতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে বিছানায় দুই শিশুকে গলাকাটা অবস্থায় দেখতে পান। একই সঙ্গে সাদিয়া বেগমকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হলে শাজাহানপুর থানা পুলিশ এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, “ঘরটি থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। দুই শিশুর গলায় আঘাতের চিহ্ন রয়েছে, আর নারীর গলায় ওড়না পেঁচানো ছিল। ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আমরা সব দিক খতিয়ে দেখছি।”
তিনি আরও জানান, মৃত সন্তানদের দেখে মানসিকভাবে ভেঙে পড়েন শাহাদত হোসেন। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ বলছে, ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।