প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সবার সহযোগিতা পেলে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
পর্যবেক্ষকদের উদ্দেশে সিইসি বলেন, তাদের সদস্যদের আচরণবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে। তিনি আরও বলেন, “আমি বারবার বলছি—আমার সবচেয়ে বড় অবজারভার হলো সিসি ক্যামেরা, আর সাংবাদিকরা। তারা সৎভাবে নজরদারি করলে কেউ অনিয়ম করার সাহস পাবে না।”
সংলাপের শুরুতে নাসির উদ্দিন দেশের জনগণকে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আস্থারযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি জানান, অনেক অভিজ্ঞ পর্যবেক্ষক সংগঠন বহুদিন ধরে নির্বাচন পর্যবেক্ষণের কাজ করে আসছে। অতীতের ভুলত্রুটি নিয়ে বেশি আলোচনায় যেতে চান না তিনি; বরং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চান।
সিইসি আরও বলেন, অতীতে নানা কারণে ভুল হয়েছে, তবে এখন লক্ষ্য হচ্ছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আরও উন্নতভাবে নির্বাচন পরিচালনা করা।