ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকে দু’গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেটার আঘাতে ৭০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। গুরুতর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পাশাপাশি কয়েকটি বাড়িতেও ভাঙচুর হয়েছে বলে জানা গেছে।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় উত্তেজনার সূত্রপাত হয়।
নিহত ব্যক্তির নাম আরফোজ আলী (৭০)। তিনি দেওড়া গ্রামের চারুহাটি এলাকার ফুল মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, মাগুরহাটি এলাকার একটি জমিকে কেন্দ্র করে ধন মিয়া ও কালু মিয়া গোষ্ঠীর মধ্যে বহুদিন ধরে বিরোধ চলছিল। বিকেলে বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে জড়ায়। টেটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তারা একে অপরের ওপর হামলা চালায়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে আরফোজ আলী টেটাবিদ্ধ হয়ে মারা যান। উভয় পক্ষ মিলিয়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
আহতদের সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর অবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।