নতুন সম্পর্কে জড়ালেও প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন আমির খান। গৌরী স্প্রাতের সঙ্গে প্রেমের কথা প্রকাশ করলেও রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে তাঁর যোগাযোগ আগের মতোই উষ্ণ। সন্তানদের মাধ্যমে পারিবারিক সম্পর্ক বজায় রাখার পাশাপাশি সামাজিক আড্ডা ও অনুষ্ঠানেও তাঁদের মাঝে সৌহার্দ্য দেখা যায়। ইরা খানের বিয়েতে কিরণ ও আমিরের একসঙ্গে অংশগ্রহণই তার বড় উদাহরণ।

সম্প্রতি আবারও আলোচনায় আসেন আমির, যখন তিনি প্রথম স্ত্রী রিনা দত্তের চিত্রপ্রদর্শনীতে হঠাৎ উপস্থিত হয়ে তাঁকে চমকে দেন। মুম্বাইয়ের নেহরু সেন্টার আর্ট গ্যালারিতে ‘ইমার্জেন্স’ শিরোনামে রিনার শিল্প প্রদর্শনীর উদ্বোধন হয় ১৮ নভেম্বর। কোনো পূর্বাভাস ছাড়াই আমির সেখানে পৌঁছে গেলে রিনা দারুণ খুশি হন। পরে তিনি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, ‘যখন আপনার প্রাক্তন হঠাৎ করে আপনার প্রদর্শনীতে উপস্থিত হয়—এটা সত্যিই আনন্দের। আমার শিল্পযাত্রায় ধারাবাহিক সমর্থনের জন্য ধন্যবাদ, আমির।’

ছবিতে রিনাকে কালো প্রিন্টেড শাড়িতে দেখা যায়, আর আমির ছিলেন সবুজ কুর্তা ও কালো প্যান্ট–ওয়েস্ট কোটে। দু’জনকে পাশাপাশি দাঁড়িয়ে প্রদর্শনী উপভোগ করতে দেখা গেছে।
আমির ও রিনার বিয়ে হয়েছিল ১৯৮৬ সালে এবং বিচ্ছেদ ২০০২ সালে। তাঁদের দুই সন্তান—জুনাইদ ও ইরা। পরে ২০০৫ সালে আমির বিয়ে করেন কিরণ রাওকে, যাঁর সঙ্গে তাঁর একটি ছেলে রয়েছে—আজাদ। ২০২১ সালে এই সম্পর্কও বিচ্ছেদে শেষ হয়।
বর্তমানে গৌরী স্প্রাতের সঙ্গে সময় কাটালেও নিজের ব্যক্তিগত জীবনকে আলোচনার বাইরে রাখতে চাইছেন আমির। তাই মিডিয়ার ক্যামেরা এড়িয়ে চলার চেষ্টা করছেন তিনি, যদিও সময় পেলেই দু’জনকে একসঙ্গে দেখা যায়।