প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সামনে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করে তুলতে সেনাবাহিনীর সহযোগিতা অপরিহার্য।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ–ডিএসসিএসসি–এর কোর্স–২০২৫ গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বাংলাদেশসহ ২৪টি দেশের তরুণ সামরিক কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, জনগণের দীর্ঘ প্রতীক্ষার এই নির্বাচনকে সত্যিকারের শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে সম্পন্ন করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশের স্থিতিশীলতা ফেরাতে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।
এবারের কোর্সে চীন, ভারত, তুরস্ক, পাকিস্তানসহ ২৪টি দেশের ৩১১ জন সামরিক কর্মকর্তা অংশ নেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান তাদের পেশাগত জীবনে নেতৃত্ব ও কৌশলগত দক্ষতা বাড়াতে সাহায্য করবে এবং জাতীয় সংকটময় মুহূর্তে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
বাংলাদেশি এক অংশগ্রহণকারী বলেন, এই কোর্সে নেতৃত্ব, কৌশল ও বৈশ্বিক সহযোগিতা বিষয়ে যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে, তা দেশের যেকোনো গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কার্যকর হবে।
চীনের এক কর্মকর্তা প্রশিক্ষণের আন্তর্জাতিক মানের প্রশংসা করে বলেন, বহু দেশের অফিসারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাদের সহযোগিতা ও বোঝাপড়াকে আরও সমৃদ্ধ করেছে।
বাংলাদেশি আরেক কর্মকর্তা মন্তব্য করেন, প্রধান উপদেষ্টার বক্তব্য সময়োপযোগী এবং প্রয়োজন হলে নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে অবদান রাখার জন্য তারা প্রস্তুত।