জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ (সোমবার) রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি করতে পারে—এমন আশঙ্কায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রোববার থেকেই ঢাকার প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে জেলা থেকে রাজধানীতে প্রবেশ করতে না পারে, সে জন্য সব থানাকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি রেল ও নৌপথেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশেও কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেখানে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেছেন, রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কোনো দল বা গোষ্ঠী নাশকতা সৃষ্টির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পুলিশ ও সাধারণ মানুষের ওপর ককটেল হামলা বা আগুন দিলে আইনসম্মতভাবেই পাল্টা গুলির নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া র্যাব-২ ও র্যাব-৩ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে এবং সাইবার হুমকিগুলোও নজরদারিতে রয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনার মামলার রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে বড় স্ক্রিনে দেখানো হবে, এবং ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও লাইভ প্রচার করা হবে।