রাজধানী ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরসহ গুরুত্বপূর্ণ এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মাঠে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।
বিজিবির একাধিক সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি ও তার প্রভাব মোকাবিলার অংশ হিসেবে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গঠিত একটি মামলার রায়ের দিন ছিল গত ১৩ নভেম্বর। ওই তারিখ সামনে রেখে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে দলটি।
৭ নভেম্বর রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন এবং নাশকতার মতো ঘটনাও বাড়তে থাকে। আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ মামলাটির রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেছে।
রায় ঘোষণার আগমুহূর্তে অনলাইনে পুনরায় কর্মসূচির আহ্বান জানাচ্ছে নিষিদ্ধ দলটি, আর সেই সঙ্গে বিভিন্ন এলাকায় আবারও ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সমগ্র পরিস্থিতি বিবেচনায় রাজধানীসহ ঝুঁকিপূর্ণ অঞ্চলে বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।