মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩। আদালতের বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর এই পরোয়ানা জারি করেন। বিষয়টি জানা গেছে ১৬ নভেম্বর (রোববার)।
তাদের বিরুদ্ধে অভিযোগ—পারিবারিক ব্যবসায় পার্টনার করার কথা বলে পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ২৭ লাখ টাকা নেওয়া, পরবর্তীতে টাকা ফেরত না দেওয়া এবং হুমকি-ধামকি প্রদান।
মামলার কার্যক্রম অনুযায়ী ১০ নভেম্বর আসামিদের আদালতে হাজির হওয়ার কথা ছিল। তারা না আসায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি গ্রেপ্তার তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৮ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করা হয়েছে।
মামলার বাদী অভিযোগ করেন, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে মেহজাবীন তাকে নতুন ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন। পরে বারবার টাকা চাইলে সময়ক্ষেপণ করেন এবং ব্যবসার কার্যক্রমও শুরু করেননি।