খাগড়াছড়ির রামগড়ে অনুমতি ছাড়া আবাসিক ভবনে অবস্থান করার অভিযোগে দুই চীনা নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে ল্যাপটপসহ কয়েকটি আধুনিক প্রযুক্তিগত ডিভাইস জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রামগড় পৌরসভার বাজার এলাকার ইলিয়াছ হোসেনের মালিকানাধীন একটি ভবনের চতুর্থ তলা থেকে তাদের আটক করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন জানান, শুক্রবার (১৪ নভেম্বর) পর্যন্ত তারা পুলিশ হেফাজতেই রয়েছেন।
আটক চীনা নাগরিকরা হলেন—জিয়াং ছেংথং ও টেং তংগু।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১২ নভেম্বর) তারা চট্টগ্রামের কুমিরার অবর্না ক্ল্যাসিক নামে একটি অ্যালুমিনিয়াম কোম্পানির ফোরম্যান মো. রোকন উদ্দিনের মাধ্যমে রামগড়ে আসেন। পরদিন কোনো সরকারি অনুমতি ছাড়াই ৩০ হাজার টাকা অগ্রিম দিয়ে বাসা ভাড়া নেন। এ সময় ভবন মালিককে জানানো হয়—ইলেকট্রনিক্স সামগ্রী আমদানি-রপ্তানির কাজ করবেন তারা।
ওসি মাঈন উদ্দিন বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বিদেশিদের অবস্থানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি বাধ্যতামূলক, যা তাদের ছিল না। জব্দকৃত ডিভাইস পরীক্ষা করতে বিটিআরসির সহায়তা চাওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।