কিংবদন্তি সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে তার স্ত্রী অভিনেত্রী-নির্মাত্রী মেহের আফরোজ শাওন আবারও ভক্ত-পাঠকদের কাছে জোড়হাতে ক্ষমা চেয়েছেন। হুমায়ূন আহমেদের স্বপ্নের ক্যানসার হাসপাতাল, যাদুঘরসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়নে নিজের ‘ব্যর্থতা’ স্বীকার করেছেন তিনি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাওন বলেন, “আমি প্রথমেই হুমায়ূন আহমেদের লাখো ভক্ত ও পাঠকের কাছে জোড়হাতে ক্ষমা চাইছি। তিনি যে স্বপ্নগুলো দেখেছিলেন—বিশেষ করে একটি আধুনিক ক্যানসার হাসপাতাল ও তার স্মৃতিবিজড়িত যাদুঘর—সেগুলো বাস্তবায়ন করতে আমি ব্যর্থ হয়েছি। আমি একা মানুষ। সন্তান, বাবা-মা, পরিবার, প্রতিষ্ঠান—অনেক দায়িত্ব কাঁধে নিয়ে একা লড়াই করছি।”
তিনি আরও যোগ করেন, “অনেকেই মনে করেন টাকা হলেই হয়ে যাবে। কিন্তু শুধু আর্থিক বিষয় নয়, নীতি-নিয়ম, সরকারি অনুমোদন, কমিটি গঠন, বুদ্ধিজীবীদের সক্রিয় সাপোর্ট—এসব ছাড়া এত বড় প্রকল্প সম্ভব নয়। যখন প্রয়োজন ছিল, তখন নীতিনির্ধারক ও বুদ্ধিজীবী মহল থেকে পর্যাপ্ত মেন্টাল সাপোর্ট পাইনি। ফলে আজও হুমায়ূনের স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে।”
ক্যানসার হাসপাতাল প্রসঙ্গে শাওন বলেন, “এক প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। আমার একার পক্ষে এত বড় হাসপাতাল করা সম্ভব নয়। সরকার যদি উদ্যোগ নেয়, হুমায়ূন আহমেদের নামে বা তার স্মৃতিতে এগিয়ে আসে, তাহলে তার সমস্ত সম্পত্তি দিতে আমরা পরিবারের কেউ পিছপা হব না।”
তিনি আক্ষেপ করে বলেন, “দুঃখের সঙ্গে স্বীকার করছি—হুমায়ূন আহমেদের স্বপ্ন পূরণে আমি ব্যর্থ হয়েছি।”
এদিকে হুমায়ূন ভক্তদের অনেকেই সামাজিক মাধ্যমে শাওনের প্রতি সহানুভূতি জানিয়েছেন এবং সরকার ও বুদ্ধিজীবী মহলের প্রতি আহ্বান জানিয়েছেন যেন লেখকের স্বপ্নগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়।