রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেছেন। এর আগে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পায়।
বৈঠক শেষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আদেশের মূল দিকগুলো তুলে ধরেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, “সব দিক বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি—আগামী সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। এতে সংস্কার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।”
তিনি আরও জানান, চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে মতামত জানাবেন। গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো যথাসময়ে তৈরি করা হবে বলেও ভাষণে উল্লেখ করেন তিনি।