রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক কিশোরকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঘটনাস্থল থেকে কিশোরটিকে আটক করে পুলিশভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আটক কিশোরের বয়স আনুমানিক ১৪ বছর এবং তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়। ঘটনার সময় তার পরনে ছিল প্যান্ট, কোট ও টাই; হাতে ছিল একটি ব্যাগ। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়।
পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, কিশোরটি নিজেকে কখনো শিক্ষার্থী, কখনো ছাত্রদল কিংবা ছাত্রশিবিরের সদস্য বলে পরিচয় দিচ্ছিল। পরে তার ব্যাগে পাওয়া কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতা বা সহিংসতার আশঙ্কা দেখা দিলে কাউকে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নির্দেশনা জারি হয়।