প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হয়। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অধ্যাপক ইউনূস সভাপতিত্ব করেন।
প্রধান উপদেষ্টার ভাষণে তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে, যাতে জনগণের অংশগ্রহণের মাধ্যমে সংস্কারের বৈধতা নিশ্চিত করা যায়।
এর আগে গত ২৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে সনদ বাস্তবায়নের দুটি বিকল্প প্রস্তাব জমা দেয়। এক প্রস্তাবে বলা হয়, সংবিধান-সম্পর্কিত সংস্কার বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে গণভোটের আয়োজন করা হবে। গণভোটে প্রস্তাব অনুমোদিত হলে নবনির্বাচিত সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে।
অন্য প্রস্তাবেও একই কাঠামো থাকলেও সেখানে সময়সীমা শেষে করণীয় নির্দিষ্ট করা হয়নি। ঐকমত্য কমিশন গণভোটের তারিখ নির্ধারণের দায়িত্ব সরকারের ওপরই ছেড়ে দেয়।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই মতপার্থক্য ছিল। ঐকমত্য কমিশনের প্রস্তাব জমা দেওয়ার পর সেই বিরোধ আরও তীব্র হয়। রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসে ঐক্যবদ্ধ অবস্থান জানানোর আহ্বান জানিয়েছিল সরকার। কিন্তু দলগুলো কোনো যৌথ প্রস্তাব বা আলোচনায় বসতে না পারায় সরকার শেষ পর্যন্ত নিজস্ব সিদ্ধান্তে বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।