বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার এবং বিচার প্রতিহত করার উদ্দেশ্যে আওয়ামী লীগ লকডাউনের নামে মানুষ পুড়িয়ে মারছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁর সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে শিক্ষা নিয়েছে। ৫ আগস্টের আগে এবং পরে তারেক রহমানের ভূমিকা দেখলে বোঝা যায়—রাষ্ট্র গঠনের জন্য তার উত্সাহব্যঞ্জক বক্তব্য শিক্ষণীয়। তিনি কখনো রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করেননি, বরং স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ ভাষায় কথা বলেছেন।”
তিনি আরও বলেন, “আওয়ামী ফ্যাসিবাদ মানুষ শ্বাসরুদ্ধ করার একটি রাজনৈতিক দল। তারা জোরপূর্বক ক্ষমতা দখল করেছে, ব্যাংকগুলো লুট করেছে, বড় প্রকল্পের নামে টাকা পাচার করেছে। এখন সেই লোভে আবার লকডাউনের নামে কর্মসূচি দিয়ে ক্ষমতায় ফিরে আসতে চায় এবং মানুষ পুড়িয়ে মারছে। আগুন দিয়ে মানুষ পুড়ানো আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি, এবং তারা এটি আবার প্রমাণ করেছে।”
রিজভী আরও অভিযোগ করেছেন, ক্ষমতায় থাকাকালেও আওয়ামী লীগ এমন নাশকতা চালিয়েছে।