বরগুনার সার্কিট হাউস মাঠের পূর্ব পাশে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার পর এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজা তার ফেসবুক আইডি থেকে ঘটনাস্থলের একটি ভিডিও পোস্ট করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও ফুটেজে দেখা যায়, এক যুবক কাঠি জ্বালিয়ে স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। এরপর আরেক ব্যক্তি পেট্রল বোমা ছুড়ে দিয়ে অগ্নিসংযোগ করেন এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “দে,”—এরপর সঙ্গে সঙ্গে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। কিছুক্ষণ পরই আরেকজনের কণ্ঠে শোনা যায়, “চল চল।”
ফেসবুকে ভিডিওটি পোস্ট করে রেজাউল কবির রেজা লেখেন,
“বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না। থাকতে দেব না।”
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন,
“আমরা ঘটনাটির খবর পেয়েছি। তবে ঘটনাস্থলে এসে এমন কোনো চিহ্ন পাইনি। এটি বরগুনাতেই ঘটেছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে।”