দিল্লিতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে ঢাকা। এ ধরনের কার্যক্রম দুই দেশের সম্পর্কের জন্য অনুকূল নয় বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই বার্তা জানানো হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক বিষয়টি তুলে ধরেন।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ভারতীয় মূলধারার গণমাধ্যমে উপস্থিতির সুযোগ দেওয়া প্রসঙ্গে বাংলাদেশ তাদের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাঁকে ঘৃণামূলক ও বাংলাদেশবিরোধী বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয়েছে, শেখ হাসিনার গণমাধ্যমে উপস্থিতি যেন অবিলম্বে বন্ধ করা হয়, সেই বার্তা নয়াদিল্লিকে পৌঁছে দিতে।