গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে মিয়ানমার থেকে নতুন করে ১ লাখ ৩৬ হাজার ৬৪০ জন রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
বুধবার (১২ নভেম্বর) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর প্রকাশিত সর্বশেষ মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৪০ জন। এর আগের মাস সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধিত ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৫১ জন। অর্থাৎ এক মাসে আরও প্রায় ২ হাজার ৯৮৯ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ জন।
সংস্থাটি জানায়, ২০২৪ সালের শুরু থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্বিচারে সহিংসতা ও দমন-নিপীড়নের ফলে হাজারো মানুষ নিহত হয়েছে। এ পরিস্থিতিতে নিরাপত্তার আশায় নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। এরই ধারাবাহিকতায় বছরের শেষের দিকে সীমান্ত এলাকায় নতুন আগমনকারীদের সনাক্ত করে বায়োমেট্রিক নিবন্ধনের কাজ শুরু করা হয়।
ইউএনএইচসিআর আরও জানায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া নতুন রোহিঙ্গাদের মধ্যে প্রায় ৭৮ শতাংশই নারী ও শিশু।