ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার চান্দুরা এলাকায় এই ঘটনা ঘটে।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন জানান, রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাত ব্যক্তি বাইরে থেকে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি প্রথম দেখতে পান কর্তব্যরত নৈশপ্রহরী। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানালে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ব্যবস্থাপক আরও বলেন, আগুনে কিছু আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেলেও ব্যাংকের ভল্ট নিরাপদ রয়েছে। ঘটনার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।
বিজয়নগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসি আজাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তখন স্থানীয়দের প্রচেষ্টায় আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাইরে থেকে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।
বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।