জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে গঠিত ‘জুলাই জাতীয় সনদ’-এর বাইরে কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তার পূর্ণ দায়ভার সরকারের ওপরই বর্তাবে বলে জানিয়েছে বিএনপি। দলটির মতে, সনদে স্বাক্ষরকারী কোনো রাজনৈতিক দল তখন সেই সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে না।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
গতকাল সোমবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকের সংবাদ সম্মেলনে সেই বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন খন্দকার মোশাররফ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় এক বছর ধরে জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে। সেই আলোচনার ফলেই কিছু ‘নোট অব ডিসেন্ট’সহ ঐকমত্যের ভিত্তিতে প্রণীত জুলাই জাতীয় সনদ গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয়। সংবিধান ও প্রচলিত আইনের আলোকে এর বাস্তবায়নে সবাই প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা সম্প্রতি সনদের বাইরে গিয়ে নানা মন্তব্য করছেন, যা বিভ্রান্তি ছড়াচ্ছে এবং ঐকমত্যের সিদ্ধান্তকে অগ্রাহ্য করার শামিল। বিএনপির দাবি, জুলাই সনদের বাইরের কোনো সরকারি সিদ্ধান্তে তারা বাধ্য থাকবে না—এ ধরনের সিদ্ধান্তের সব দায় সরকারেরই হবে।
বিএনপির স্থায়ী কমিটি এ বিষয়ে সরকারকে ‘সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।