ভোলার চরফ্যাশন উপজেলায় ধানক্ষেতে ইঁদুর দমনের জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ওমরপুর ইউনিয়নের জনতা বাজার ও মুখার বান্দা বাজারের মাঝামাঝি তেলখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জুবায়েদ ইসলাম (১৬), ওমরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রিয়াজের ছেলে ও আলীগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র, এবং মো. জিহান (১৫), একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফরিদ উদ্দিনের ছেলে ও চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় তারা প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। পথে দৌড় প্রতিযোগিতা করতে গিয়ে জাহাঙ্গীর নামে এক কৃষকের ধানক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়ে তারা দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, “এটি নিছকই দুর্ঘটনা। উভয় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।”