আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদমুক্ত একটি প্রতিনিধিত্বমূলক সংসদ গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
রোববার (৯ নভেম্বর) রাতে কুমিল্লার একটি রেস্টুরেন্টে আয়োজিত দলের সমন্বয় সভায় তিনি বলেন, “আমরা চাই একটি সত্যিকারের জনগণের সংসদ গঠিত হোক—যেখানে থাকবে না ভারতীয় আধিপত্য, থাকবে না ফ্যাসিবাদী প্রভাব। একটি বাংলাদেশপন্থি, জাতীয় স্বার্থে নিবেদিত সংসদই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “বিএনপির মধ্যে অনেকেই ৫ আগস্টের পর শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছেন। যারা এ পরিস্থিতিতে অস্থিরবোধ করছেন, আমরা তাদের স্বাগত জানাই। তাদের আমরা এনসিপির মনোনয়ন দেব।”
হাসনাত আবদুল্লাহ জানান, কুমিল্লার ১১টি আসনে সৎ ও যোগ্য প্রার্থী দেওয়া হবে। প্রথম ধাপের প্রার্থী তালিকা নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।
তিনি বলেন, “আমরা চাই আগামী সংসদ নির্বাচনে এমন প্রার্থীরা আসুক, যারা বাংলাদেশপন্থি, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, ভারতীয় আধিপত্যবিরোধী এবং গণঅভ্যুত্থান ও সংস্কারের চেতনায় বিশ্বাসী।”
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, সালাউদ্দিন জামিল সৌরভ, এবং কুমিল্লা মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সিরাজুল ইসলাম প্রমুখ।