মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
এই ঘটনার পর পরিবার ও গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহত চার শিশু হলো—ফাতেমা (১৪), মিম (১৪), আফিয়া (১০) ও আলসিয়া (১০)। তারা দুই ভাই—মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে।
ফাতেমা ও মিম অষ্টম শ্রেণির এবং আফিয়া ও আলসিয়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুরে চার শিশু একসঙ্গে শাপলা তুলতে মসুরিভাজা বিলে যায়। অনেকক্ষণ পার হয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। বিকেলের দিকে বিলে ভাসমান অবস্থায় শিশুদের নিথর দেহ দেখতে পান এলাকাবাসী।
পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
একসঙ্গে চার শিশুর মৃত্যুতে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেছে।
পরিবারের আহাজারি ও কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠেছে; আশপাশের গ্রাম থেকেও অসংখ্য মানুষ ঘটনাস্থলে ভিড় করেছেন।