রাজশাহীর চারঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান, আর অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
শুক্রবার সন্ধ্যায় চারঘাট-বানেশ্বর সড়কের শিশুতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের মানছুর আলীর ছেলে মারুফ আহমেদ (১৭), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল (৩০) এবং এসকে বাদল গ্রামের হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৩)। পরে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে তিন বন্ধু চারঘাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারুফ ও শিমুল মারা যান, পরে হাসপাতালে নেওয়ার পথে তুহিনও মারা যান।