দক্ষিণের জনপ্রিয় তারকা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার সম্পর্কের গুঞ্জন এবার আরও জোরালো হলো। টলিউডের ভেতর খবর, গত অক্টোবরে হায়দরাবাদেই নাকি আড়ালে বাগদান সেরে ফেলেছেন এই তারকা যুগল। দু’জনই বর্তমানে সেখানেই বসবাস করছেন। যদিও বাগদানের বিষয়ে কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
সম্প্রতি রশ্মিকার হাতে বড় হিরের আংটি দেখা যাওয়ার পর থেকেই ভক্তদের কৌতূহল বেড়েছে। অনেকের ধারণা, সেটিই নাকি তাঁর বাগদানের আংটি। তবে সরাসরি প্রশ্নের উত্তরে রশ্মিকা বলেছেন, “সবাই জানে আসলে কী হচ্ছে,” — আর তার সঙ্গে ছিল এক মিষ্টি হাসি।

ফিল্ম ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বাগদানের প্রায় চার মাস পর আগামী ২৬ ফেব্রুয়ারি নাকি বিয়ে সারবেন বিজয় ও রশ্মিকা। বিয়ের আয়োজন হবে রাজস্থানের রাজকীয় শহর উদয়পুরে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে দু’জনের ঘনিষ্ঠতা শুরু হয়। ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি কাছাকাছি আসেন তারা। এরপর থেকেই প্রেমের গুঞ্জন ছড়ায় টলিউডে।

এর আগে রশ্মিকা ২০১৭ সালে অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে বাগদান করেছিলেন। কিন্তু এক বছর পর, ২০১৮ সালের সেপ্টেম্বরে সেই সম্পর্ক ভেঙে যায়। তারপর থেকেই বিজয় দেবরকোন্ডার সঙ্গে তাঁর সম্পর্কের খবর শোনা যায় বিভিন্ন সময়।
এখন ভক্তদের প্রশ্ন—অবশেষে কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই প্রিয় জুটি? যদিও তার উত্তর সময়ই দেবে, কিন্তু বিজয়–রশ্মিকার নীরবতা যেন অনেক কিছুই বলে দিচ্ছে।