চট্টগ্রামে নির্বাচনি গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির নেতা ও চট্টগ্রাম-৮ আসনের দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
তারা জানান, মনোনয়ন পাওয়ার পর ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগে নামেন এরশাদ উল্লাহ। এ সময় হঠাৎ গুলি চালানো হলে তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত—তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন, আমরা এখন হাসপাতালে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।”
প্রত্যক্ষদর্শীরা জানান, এরশাদ উল্লাহ ছাড়াও সরওয়ার বাবলা নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, “গুলির ঘটনার খবর পেয়েছি, পুলিশ ঘটনাস্থলে আছে। আমি হাসপাতালের দিকে যাচ্ছি।”
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, “এরশাদ উল্লাহর প্রচারণার সময় হামলার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছেন।”
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এরশাদ উল্লাহ বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।