ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (আজ) বেলা দুইটার দিকে উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন — মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাহিবাগ এলাকার মো. হামিদ মিয়া (৬০), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের মো. রাজু মিয়া (৩৫) এবং আরও একজন অজ্ঞাতনামা পুরুষ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস কদমতলীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রয়েল পরিবহনের বাসের সঙ্গে তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান এবং পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বিকেল তিনটার দিকে ক্ষতিগ্রস্ত বাস দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান বলেন, “নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহত হয়েছেন প্রায় ২০ জন।” তিনি জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এখনো কোনো মামলা দায়ের হয়নি।
হবিগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাইকা রহমান জানান, আহত ১৫ থেকে ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।