আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
তিনি বলেন, “যেসব আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, সেগুলো পর্যায়ক্রমে জানানো হবে। কিছু আসন আমাদের জোটের শরিকদের জন্য রেখে দেওয়া হয়েছে।”
এর আগে দুপুরে গুলশানে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক বসে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী চূড়ান্তকরণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে। কমিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে।