নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ৩০০ আসনে প্রার্থী দেওয়ারও ঘোষণা দিয়েছে।
রবিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা শাপলা কলি প্রতীক গ্রহণ করছি। তবে কেন শুরুতে শাপলা প্রতীকটি আমাদের দেওয়া হয়নি, সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা পাইনি। তবুও বৃহত্তর রাজনৈতিক স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”
নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, “শাপলা কলি নিয়ে আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। প্রতীকের মধ্যে শাপলার প্রতীকী অর্থ যেমন আছে, তেমনি কলির মধ্যেও আছে নতুন সূচনার বার্তা। নির্বাচন কমিশন হয়তো এই প্রতীকে দুটিকে মিলিয়েই নতুনভাবে ভাবতে চেয়েছে।”
এনসিপির মুখ্য সমন্বয়ক জানান, দলটি আসন্ন সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে। তিনি বলেন, “দেশের যেকোনো অঞ্চল থেকে যারা আমাদের হয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাঁদের আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।”
বৈঠকে নাসীরুদ্দীন পাটোয়ারীর সঙ্গে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক ও পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
নাসীরুদ্দীন পাটোয়ারী নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, এনসিপির নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য।
বৈঠক শেষে তিনি আরও বলেন, “আমরা চাই, দেশের রাজনৈতিক পরিসর আরও উন্মুক্ত হোক, যাতে নতুন প্রজন্ম বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।”
আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “আসন্ন নির্বাচনে ধানের শীষ ও শাপলা—এই দুই প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।”